শিশুদের প্রাণঘাতী রোগ হাম ও রুবেলা প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি-২০২৬। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান।
সোমবার (২০ এপ্রিল) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিনটি অঞ্চলের মোট ২৭টি ওয়ার্ডে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ১৪ দিনব্যাপী চলমান এই বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে নির্ধারিত বয়সসীমার শিশুদের হাম-রুবেলা প্রতিরোধী টিকা প্রদান করা হবে।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে আমরা শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই।” তিনি সকল অভিভাবকদের তাদের সন্তানদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে গিয়ে টিকা দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সরকারের স্বাস্থ্যখাতের অন্যতম অগ্রাধিকার হলো প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা। সেই লক্ষ্যেই এই বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যাতে কোনো শিশু টিকাদানের বাইরে না থাকে।
অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম বলেন, “এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সিটি কর্পোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এদিকে, কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম। তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে নিরাপদ পরিবেশে টিকা প্রদান করা হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি এলাকায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে কার্যকর অগ্রগতি অর্জিত হবে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা আরও জোরদার হবে।




