নারায়ণগঞ্জে যুবদল নেতা মশিউর রহমান রনির বিরুদ্ধে দায়ের করা মামলাকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। মামলাটিকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
শুক্রবার (১৭ এপ্রিল) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব ও বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী মশিউর রহমান রনির বিরুদ্ধে ফতুল্লা থানায় পরিকল্পিতভাবে এই মামলা দায়ের করা হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এমন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, “এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিরোধী কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা চলছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।” তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে নেতারা বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। অন্যথায়, রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে এমন মামলা দেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।
এ ঘটনায় নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহল বলছে, তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনই এখন সবচেয়ে জরুরি।




