নারায়ণগঞ্জ । মঙ্গলবার
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

জেলা মোটরসাইকেল চোর চক্রের কথিত প্রতিষ্ঠাতা সভাপতিসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে চক্রের কথিত সরদার কয়েছ আহমেদ তালুকদার নিজেকে চক্রটির প্রতিষ্ঠাতা সভাপতি বলে দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কথিত সরদার কয়েছ আহমেদ তালুকদার চক্রের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং নিজেকে ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ হিসেবে পরিচয় দেন।

গ্রেপ্তারকৃত কয়েছ আহমেদ তালুকদার (৩৫) সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার শহীদ তালুকদারের ছেলে ও অপর আসামি জৈন্তাপুর উপজেলার যশপুর গ্রামের হাছন আলীর ছেলে আকাশ আহমদ (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশন এলিগেন্ট শপিং সিটির সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরী নামের এক ব্যক্তির একটি হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তে নেমে এসআই শহিদুল ইসলাম সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করেন। পরবর্তীতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় নগরীর উপশহর এলাকা থেকে কয়েছ আহমেদ তালুকদার (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১০ এপ্রিল) সকালে জৈন্তাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সদস্য আকাশ আহমদ (২৪)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম আরও জানান, অভিযানে তাদের হেফাজত থেকে একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুরো বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। চক্রটির অনেক সদস্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >