নারায়ণগঞ্জ । শুক্রবার
৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে রাতভর পুলিশি অভিযানে ৬জন আটক, ইয়াবা-হেরোইন উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতভর পরিচালিত এক বিশেষ অভিযানে পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের হেফাজত থেকে ১৪৫ পুরিয়া হেরোইন এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

পুলিশের দাবি অনুযায়ী, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তারা হলেন—শেরপুরের নালিতাবাড়ীর স্থায়ী বাসিন্দা ও বর্তমানে রসুলবাগের ভাড়াটিয়া মোঃ ওমর ফারুক (৩০), শিমরাইল দক্ষিণপাড়ার বিজয় (২১), মিজমিজি দক্ষিণপাড়ার মোঃ রিপন (৩৮), নয়াআটি মুক্তিনগর এলাকার মোঃ সাগর ওরফে টেটু (২২) এবং মুন্সিগঞ্জের শ্রীনগরের স্থায়ী বাসিন্দা ও বর্তমানে শান্তিনগরের ভাড়াটিয়া শাকিল ওরফে টুন্ডা শাকিল (৩৫)।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দের পাশাপাশি আটককৃত ৫ জন অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানানো হয়েছে, এলাকায় অপরাধ নির্মূলে এবং অভিযুক্ত মাদক বিক্রেতা, সেবনকারী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ওসির পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >