নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ফতুল্লার পুলিশ লাইনে অবস্থিত আয়রন মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

নির্বাচনী প্রচারণাকালে মোহাম্মদ আলী উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশে বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের সামনে হাজির হয়েছি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এই দেশের জন্য একটি স্বাধীন পতাকা ও সীমানা এনে দিয়েছিলাম। সেই চেতনাকে ধারণ করেই আজ আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনারা হাতি মার্কায় ভোট দিয়ে আমাকে আবারও দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিন।”

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, এলাকার উন্নয়ন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে ফতুল্লার সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করবেন বলে আশ্বাস দেন তিনি।

সভা শেষে মোহাম্মদ আলী উপস্থিত জনতা, আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় আয়রন মার্কেটের বিভিন্ন ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী মাঠে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর এমন সরাসরি গণসংযোগ ও ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ মতবিনিময় এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করছেন স্থানীয়রা।






