নারায়ণগঞ্জ জেলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপণ অনুযায়ী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ রায়হান কবির (২০৫৬৩)।
তিনি এর আগে, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও নিয়োগের আদেশ জারি করা হয়। এ রদবদলের ফলে নারায়ণগঞ্জের প্রশাসনিক প্রধানের দায়িত্বভার পরিবর্তিত হচ্ছে।।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান নারায়ণগঞ্জের “মানবিক ডিসি” খ্যাত জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা (১৫৯৮৬)-কে অন্যত্র বদলি করা হয়েছে।তাকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২০২৪ সালের শুরুতে রাজবাড়ী থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। নারায়ণগঞ্জে প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তাঁকে দেশের গুরুত্বপূর্ণ জেলা চট্টগ্রামে বদলি করা হলো।
সদ্য বদলিকৃত জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে প্রশাসনিক কর্মকাণ্ড, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ।
নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক এর দায়িত্ব পাওয়া মো. রায়হান কবির পূর্বে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি তাঁর নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এই রদবদল জেলার প্রশাসনিক কর্মকাণ্ডে দিকনির্দেশনা ও বিভিন্ন প্রশাসনিক উন্নয়ন কার্যক্রমের এক নতুন প্রত্যাশা তৈরি করবে বলে আশা করছে সমগ্র নারায়ণগঞ্জ জেলার মানুষ।
একই প্রজ্ঞাপনে আরও কয়েকটি জেলার জেলা প্রশাসক পদে পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। বদলিকৃত কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।







