নারায়ণগঞ্জ ।
,

দলীয় সিদ্ধান্তই হবে সবার জন্য চূড়ান্ত নির্দেশনাঃ মাসুদুজ্জামান মাসুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, বিএনপি একটি সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল রাজনৈতিক শক্তি। তাই দলের সিদ্ধান্তই সকলের জন্য একমাত্র কার্যকর, বৈধ ও বাধ্যতামূলক নির্দেশনা। ব্যক্তিগত মত কিংবা অবস্থান দলীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে না।এই উপলব্ধি থেকেই সবাইকে মতভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত ‘মিট দ্য প্রেস’-এ তিনি এসব কথা বলেন। দলীয় প্রার্থী তালিকা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর বক্তব্যের ব্যাখ্যা ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রার্থী মনোনয়নের জন্য বিএনপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে মাসুদুজ্জামান মাসুদ বলেন,“আমাকে প্রার্থী করে যে সম্মান দেওয়া হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতৃবৃন্দ সবার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই।”

সামাজিক যোগাযোগমাধ্যমে তার অতীত রাজনৈতিক পরিচিতি নিয়ে প্রচারিত নানা ছবির বিষয়ে তিনি বলেন, এগুলো বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা।


তিনি বলেন, “আমি কী ছিলাম/কে ছিলাম তা নারায়ণগঞ্জের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মীরা জানেন। আন্দোলনের সময় আমি কোথায় ছিলাম, তা রাস্তায় থাকা নেতাকর্মীরাই বলতে পারবেন। এমনকি আমার নাম রাজনৈতিক মামলার এজাহারেও ছিল।”

তিনি আরও বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক পরিবার, যেখানে মতভেদ থাকতেই পারে; তবে তা হতে হবে শৃঙ্খলা ও সাংগঠনিক শিষ্টাচারের মধ্যে। সমালোচনাকারীরাও দলের কল্যাণ চান,এ কথা বিশ্বাস করে তিনি বলেন, “দিনশেষে আমরা সবাই ধানের শীষের কর্মী, আর দলের সিদ্ধান্তই সবার জন্য চূড়ান্ত নির্দেশনা।”

নির্বাচন প্রসঙ্গে মাসুদুজ্জামান জানান, তিনি একটি নিরাপদ, আধুনিক ও শিক্ষাকেন্দ্রিক নারায়ণগঞ্জ গড়তে চান।যেখানে নারী-পুরুষ নির্বিশেষে শিক্ষার্থী, শ্রমিক, শিক্ষক, পেশাজীবীসহ সকল শ্রেণির মানুষ সমান সুযোগ পাবে। তরুণদের উদ্যম এবং প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় নারায়ণগঞ্জ গড়াই তার লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু; মহানগর বিএনপির সদস্য হাজি ফারুক হোসেন, মাহাবুব উল্লাহ তপন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, মো. আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন, ফারুক আহম্মদ রিপন ও অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু; বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজি নুরুদ্দিন; মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা; বন্দর উপজেলা বিএনপির সভাপতি হিরণ ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >