নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় আলোচিত মাদক কারবারি আব্দুল্লাহ ওরফে মাদক সম্রাট এবং হত্যাকাণ্ডের প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডসহ ছয়জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গ্রেফতার অভিযানের সময় পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে পালানোর চেষ্টা করে আসামিরা। এ ঘটনায় চার পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে পুলিশের গুলিতে প্রধান আসামি ডেভিডের ডান পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অভিযানে বোমা তৈরির সরঞ্জাম, তিনটি ধারালো দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা দায়িত্ব পালন করতে যান। এ সময় একদল মাদক কারবারি তাদের গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এএসআই আব্দুস সাত্তার জীবন রক্ষার্থে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কনস্টেবল আনোয়ার মোল্লা। পরবর্তীতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ফতুল্লা থানায় হত্যা মামলা নং-৬৭ (১১)/২০২৬ দায়ের করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক দল মাঠে নামে। পাশাপাশি এসআরবি-১১, নারায়ণগঞ্জের সদস্যরাও আসামিদের গ্রেফতারে পৃথক অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, বিভিন্ন গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মফিজুল ইসলাম, পিপিএম, এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান এবং ফতুল্লা থানার এসআই (নিঃ) মোঃ রফিক, বিপিএমসহ পুলিশের একটি যৌথ দল মুন্সীগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যাকাণ্ডের অন্যতম প্রধান পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত কুখ্যাত মাদক কারবারি আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত আরও দুই আসামি আব্দুস সামাদ ও মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত সামাদ ও হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন তাসলিম পট্টির নূর হোসেনের পরিত্যক্ত ভবনে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিডকে গ্রেফতারের চেষ্টা করা হয়। এ সময় ডেভিড গ্রেফতার এড়াতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশের চার সদস্য সামান্য আহত হন।
এ অবস্থায় আত্মরক্ষা এবং পলাতক হত্যা মামলার আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ফতুল্লা থানার কনস্টেবল মোঃ পারভেজ (ব্যাচ নং-১০৮৩) তাঁর সরকারি শর্টগান দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে ডেভিডের ডান পায়ে গুলি লাগে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে পাঠানো হয়।
অভিযান শেষে ঘটনাস্থল তল্লাশি করে বোমা তৈরির সরঞ্জাম, তিনটি ধারালো দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অন্যদিকে এসআরবি-১১, নারায়ণগঞ্জের সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে আরও দুই আসামিকে গ্রেফতার করেন। সব মিলিয়ে এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. আব্দুল্লাহ (৩২), পিতা- দেলোয়ার হোসেন, সাং- মধ্যনগর, বক্তাবলী; বর্তমানে দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া সিটি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
২. মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮), পিতা- দেলোয়ার হোসেন, সাং- মধ্যনগর, বক্তাবলী; বর্তমানে দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া সিটি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৩. আব্দুস সামাদ (২৩), পিতা- শাহজাহান হোসেন সাজু, সাং- দেওভোগ মাদ্রাসা, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৪. মাহমুদুল হাসান (২২), পিতা- সাহেব আলী, স্থায়ী ঠিকানা- ছন্দের বাজার, থানা- কোতোয়ালি, জেলা- ময়মনসিংহ; বর্তমানে দেওভোগ পানির ট্যাংকি, দাদা সড়ক, পূর্বনগর, ইব্রাহীমের বাড়ি, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
৫. জাবেদ কায়সার আজাদ (৪০), পিতা- মৃত শাহিন, সাং- নাগবাড়ি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
৬. আদর (২২), পিতা- মজিবর রহমান, সাং- নাগবাড়ি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ছয় আসামির মধ্যে পাঁচজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামির বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনার লক্ষ্যে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



