নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণরত ৪৩তম ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) তাঁদের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সফররত নবীন পুলিশ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে নবীন কর্মকর্তাদের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা হিসেবে পেশাগত জীবনে সততা, নিষ্ঠা, সাহসিকতা, মানবিকতা ও পেশাদারিত্বের সমন্বয় ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য ও দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে। বিশেষ করে সাইবার অপরাধ ও অনলাইন প্ল্যাটফর্মে সংঘটিত অপরাধ প্রতিরোধে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে।

এ সময় তিনি কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে নবীন কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা নারায়ণগঞ্জ সদর মডেল থানা, SHARIF MELAMINE INDUSTRIES (PVT.) LTD., জামদানি পল্লী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (লোকশিল্প জাদুঘর) এবং ঐতিহাসিক পানাম নগর পরিদর্শন করেন। এসব পরিদর্শনের মাধ্যমে তাঁরা নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, শিল্প ও বাণিজ্য, ঐতিহ্যবাহী জামদানি শিল্প, লোকজ সংস্কৃতি এবং ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও সম্যক ধারণা লাভ করেন।
সফরের সমাপনী পর্বে পুলিশ সুপারের বাংলোতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
এ সময় জেলা প্রশাসক নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে সুসম্পর্ক ও আন্তরিক সমন্বয় বজায় থাকলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সহজ হয়। এতে সাধারণ জনগণ অধিক উপকৃত হন। একজন সরকারি কর্মকর্তা হিসেবে জেলার সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময় বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর পক্ষ থেকেও শুভেচ্ছা স্মারক প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়।
এ ধরনের স্টাডি ট্যুর নবীন পুলিশ কর্মকর্তাদের মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, শিল্প-সংস্কৃতি ও ঐতিহাসিক ঐতিহ্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।







