বাজারে আবারও বাড়তে শুরু করেছে সবজি দাম। গত কিছুদিন বাজার কমে স্থিতিশিল অবস্থায় থাকলেও এখন আবার উর্ধ্বমুখী। প্রায় প্রতিটি সবজির দাম কেজি প্রতি ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। দু’দিনের বৃষ্টি আর বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আজ সোমবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, আলু ৩০, পটল ৭০-৮০, বেগুন প্রকারভেদে ১০০-১৫০, সিম ১০০-২০০, ভেন্ডি ১০০, টমেটো ১৮০, পেঁপে ৩৫, করলা ১০০, বরবটি ৮০, ঝিঙা ১০০, চিচিঙ্গা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ দেশি ২০০ ও হাইব্রিড ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও এই সবজিগুলোর দাম ২০-৫০ টাকা কেজিতে কম ছিল।
এ ছাড়া প্রতি পিস ফুলকপি ৬০-৭০ ও বাঁধকপি ৪০-৫০ টাকা, লাউ ৭০ – ৮০, কাঁচা কলা ৪০ টাকা প্রতি হালি, লালশাক প্রতি আঁটি ১৫, কলমি শাক ২০, পুইশাক ৩০ টাকা। ডিমের মধ্যে লাল ডিম ১৩৫- ১৪০, সাদা ডিম ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে।
রুই মাছ ৪০০টাকা থেকে শুরু ৫২০ টাকা পর্যন্ত। ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম কেজিতে ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। গরুর মাংস ৮২০ টাকা কেজি, খাসির মাংস ১২০০ টাকা। ব্রয়লার কেজি প্রতি ১৯০, কক ৩৩০, দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রাজধানীর বনশ্রীর মেরাদিয়া বাজারে আসা ক্রেতা খাইরুল ইসলাম বলেন, আবার সবজিসহ সব পণ্যের দাম বাড়ছে। সপ্তাহখানের আগেও তো একটু নাগালের মধ্যে ছিল এখন আবার সেগুলো বাড়তেছে। আমাদের মতো পরিবারের মানুষগুলোর জন্য দিন যতই গড়াচ্ছে ততই কঠিন হয়ে যাচ্ছে।
তিনি প্রশ্ন করে বলেন, ভরা শীতের মৌসুম। বাজারে সবজির সরবরাহ কম না। অথচ দাম আবারও বাড়ছে। এটা আমাদের ওপর এক প্রকার জলুম।

তিনি বলেন, মাছ মাংসের বাজারে তো যেতেই পারি না এখন। সবজির বাজারও আমাদের জন্য বন্ধ হলে আমরা খাবোটা কী?
খলিলুর রহমান নামের আরেক ক্রেতা বলেন, সবিজর বাজার আবারও বাড়ছে। দাম কম থাকলে অন্তত মানুষ খেয়ে বাঁচতে পারবে। তা না হলে মানুষকে প্রয়োজনের তুলনায় কম খেতে হবে। তিনি বলেন, ব্রয়লার মুরগি ১৭০-১৯০ টাকা কেজি। এটি আরও কমা উচিত। সাধারণ মানুষ ব্রয়লার কিংবা মাছের মধ্যে তেলাপিয়া, পাঙ্গাস বেশি কেনে। সেটিও ৩০০ টাকা কেজির কাছাকাছি। আসলে জিনিষপত্রের দাম না কমলে মানুষের চলা কঠিন।
তিনি বলেন, আমরা তো গরিব মানুষ, দাম এভাবে হঠাৎ বেড়ে গেলে কীভাবে চলবো। আমাদের তো খেয়ে বাঁচতে হবে।
চম্পা নামের এক গৃহিনী বলেন, কয়েকদিন আমরা সবজিটা ঠিকঠাকভাবেই কিনছিলাম। কিন্তু আবারও বাড়া শুরু করেছে। কাঁচা মরিজ ১০০ টাকার মধ্যে ছিল সেটি এখন ২০০ টাকা হয়ে গেছে। বেগুন, সিম একই অবস্থা।
তিনি বলেন, আমাদের এখন আয়ের সঙ্গে ব্যয়ের কোনও কুলকিনারা নেই। এভাবেই আমরা চলছি।
মেরাদিয়া বাজারের সবজি বিক্রেতা কাওছার জানান, সবজির বাজার এখন একটু বাড়তির দিকে। আমরাই বেশি দামে কিনতেছি। এখন তো আসলে আমাদেরও কিছু করার নেই। তিনি বলেন, সবজির সরবরাহ কম। পাশাপাশি দুই দিন বৃষ্টি, এ কারণে পাইকারী বাজারে দাম বেশি। আবার সরবরাহ বাড়লে কমে আসবে দাম। কাঁচাবাজার এ রকমই, উঠানামা করে।
আরেক বিক্রেতা আব্দুল হামিদ বলেন, গত কয়েকদিনের চেয়ে দাম কিছুটা বেড়েছে। কাঁচাবাজার দাম এ রকমই হয়। সরবরাহ বাড়লে আবার দাম কমে আসবে।
মাছ ব্যবসায়ী সালাম বলেন, মাছের বাজার একুট চড়া। দাম বাড়তির দিকে। তেলাপিয়া, পাঙ্গাস, ছোট রুই এগুলো ৩২০-৩৫০ টাকা কেজি। আসলে কোনও মাছের দামই ওইভাবে কমতির দিকে নেই।






