পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত ছাত্রদলের বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন- সাঁড়া ইউনিয়নের পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং মহিদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল বের করলে দুর্বৃত্তরা হামলা ও গুলি চালায়। আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করেছে পুলিশ।





