যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলাকে কেন্দ্র করে স্ত্রীর বাম হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী বিল্লাল হোসেনের বিরুদ্ধে। রবিবার (২২ নভেম্বর) দিবাগত গভীর রাতে শহরের চাঁচড়া ডাল মিল এলাকার একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত তিথী (৩০) নড়াইলের মিরাপাড়া এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী। বিল্লাল স্ত্রীকে নিয়ে চাচড়া ডালমিল এলাকায় ভাড়া থাকতেন।যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, মায়ের সঙ্গে ফোনে অতিরিক্ত কথা বলা নিয়ে তিথী ও বিল্লালের মধ্যে কথা-কাটাকাটি হয়।একপর্যায়ে বিল্লাল রাগান্বিত হয়ে তিথীর দুই হাত খাটের সঙ্গে বেঁধে বাম হাতের কবজিতে ধারালো দা দিয়ে কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে রাত ১২টা ১০ মিনিটের দিকে বিল্লাল তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিথীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



