যশোরের শার্শায় বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার বাগআঁচড়া বাজারের ফুলতলা পট্টিতে অবস্থিত মেসার্স মহাসিন সাইকেল স্টোর থেকে তাকে আটক করা হয়।
আটক শেখ মহাসিন কবির সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের শেখ মিজানুর রহমানের ছেলে।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া ফুলতলা পট্টির মহাসিন সাইকেল স্টোরের ভেতরে চোরাইকৃত ব্যাটারি বিক্রির খবর পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে এসআই মোস্তাকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৫৯টি লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম ব্যাটারির উপরের সার্কিট বোর্ড ১৭টি (১৫টি ও ২টি), খোলা সার্কিট ১৫ টি, স্টিলের শিট দিয়ে তৈরি বক্স ১৪ টি এবং লিথিয়াম ব্যাটারির বক্স ৪ টি উদ্ধার করা হয়।

পরে চোরাইকৃত মালামাল ক্রয়-বিক্রয় ও সংরক্ষণের অপরাধে দোকান মালিক শেখ মহাসিন কবিরকে পুলিশ আটক করেন। উদ্ধারকৃত এসব লিথিয়াম ব্যাটারি মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৫৩ হাজার ২০০ টাকা।
অপরদিকে সাতক্ষীরা কলারোয়া থানার (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন একই দিনে গোপন সংবাদের মাধ্যমে কিসমত ইলিশপুর গ্রামে শেখ মহাসিন কবিরের বাড়িতে অভিযান চালিয়ে ১৩ পিস লিথিয়াম ব্যাটারি উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ভোরের ডাককে জানান- জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে রোববার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরও জানান- থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



