নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চলন্ত মঞ্জিল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে চালক, হেলপার ও যাত্রীরা নিরাপদে বাস থেকে নামতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে চালক বাসটি থামিয়ে দ্রুত যাত্রীসহ বাসের হেলপারকে নামিয়ে দেন। পরে তারা নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটির অভ্যন্তরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে যায়।
বাসটির চালক জামাল হোসেন (৩২)। তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। বাসটিতে হেলপার হিসেবে কর্মরত ছিলেন নয়ন। বাসটির মালিক মিম বলে জানা গেছে।
এ বিষয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। চালককে জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাসটিতে দুজন যাত্রী ছিলেন। তারা বাস থেকে নেমে যাওয়ার পরপরই আগুনের সূত্রপাত হয়।




