নারায়ণগঞ্জ ।
,

‘স্বর্ণার মনে জায়গা করে দেন’, পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া চিঠি কার?

কিশোরগঞ্জে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুকগুলো খোলার পর এবার ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার করা হয়েছে। এসব চিরকুটের কোনোটিতে ইউরোপে পাড়ি জমানোর আশায় দালালচক্রের হাতে প্রতারিত হওয়ার বিচার চাওয়া হয়েছে।কোনোটিতে রয়েছে প্রিয়জনকে কাছে পাওয়া ও ভালোবাসার আকুতি। আবার কেউ রোগ সেরে ওঠা, সুন্দরী বা চিকন হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন; কেউবা পছন্দের কাউকে আবার রাষ্ট্রীয় নেতৃত্বে দেখার কামনা জানিয়েছেন।

প্রায় পাঁচ মাস (চার মাস ২৪ দিন) পর শনিবার (২১ নভেম্বর) মসজিদটির ১৫টি সিন্দুক খোলা হয়েছে। সিন্দুকগুলো থেকে চিরকুট ও স্বর্ণালংকার আলাদা করার পর সকাল সাড়ে সাতটা থেকে টাকা গোনার কাজ শুরু হয়।উদ্ধার হওয়া একটি চিঠিতে এক ব্যক্তি ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের খপ্পরে পড়ার কথা তুলে ধরেছেন। খোয়ানো অর্থের কষ্ট, দালালদের শাস্তি ও নিরাপদ অভিবাসনের প্রার্থনা জানিয়ে তিনি সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়েছেন।ওই চিঠিতে লেখা হয়েছে, তার ইউরোপ যাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয়। পাশাপাশি দেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস ও ভিসা কার্যক্রম চালুর দাবি এবং ভবিষ্যতে যেন আর কেউ দালালদের প্রতারণার শিকার না হন—সেই দোয়াও করেছেন তিনি।চিঠির শেষে নিজেকে ‘একজন প্রতারিত বিদেশগামী’ হিসেবে পরিচয় দিয়েছেন ওই ব্যক্তি।

দানবাক্স থেকে স্বর্ণাকে উদ্দেশ করে লেখা এক প্রেমিকের আবেগমাখা চিরকুটও মিলেছে। সেখানে লেখা রয়েছে, ‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না স্বর্ণা।’ শেষে স্বর্ণার হৃদয়ে স্থান পাওয়ার আকুতি জানিয়ে তিনি লিখেছেন, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন, আমিন।’

দীর্ঘ আরেকটি চিঠিতে স্ত্রী ও শ্বশুরবাড়ির স্বজনদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে আল্লাহর কাছে বিচার প্রার্থনা করেছেন এক ব্যক্তি।তার দাবি, শ্যালকের হাতে তার ২০ মাস বয়সী শিশু নির্যাতিত হয়েছে। এ ছাড়া স্ত্রী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিন লাখ ৫৬ হাজার টাকা নিয়ে গেছেন এবং প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছেন।

সব মিলিয়ে শ্বশুরবাড়ির লোকজনের কারণে তার প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যক্তি। এসব ঘটনার ন্যায়বিচার ও হারানো সম্পদ ফিরে পেতে পাগলা মসজিদে দান করে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানিয়েছেন তিনি।দানবাক্সে পাওয়া চিঠি ও চিরকুট নিয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, দ্রুত সিন্দুক ভরে যাওয়ায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স বসানো হয়েছিল; ফলে সিন্দুকের সংখ্যা ১৩ থেকে বেড়ে ১৫টিতে দাঁড়িয়েছে। তবে চিঠি ও চিরকুটের কারণে সিন্দুকে জায়গার অভাব দেখা দেয়। বরাবরই এ ধরনের অপ্রাসঙ্গিক ও বিব্রতকর চিঠি সিন্দুকে না ফেলতে অনুরোধ করা হলেও তা মানা হচ্ছে না। এতে টাকা গণনার কাজে বিঘ্ন ঘটছে এবং সংশ্লিষ্টদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >