নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আওয়ামী লীগ ক্যাডার আলমগীর ওরফে ফেন্সি আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামী তিনি। মামলা নম্বর- ১৫।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শহিদুলের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আওয়ামী লীগ ক্যাডার আলমগীর ওরফে ফেন্সি আলমগীর ফতুল্লার পূর্ব সেহাচর লালখা এলাকার রাজা মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের শাসনামলে আলমগীর ফতুল্লার লালখা ও রামারবাগসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আধিপত্য বিস্তার করতো। তার বিরুদ্ধে মাদক তথা ফেন্সিডিলের ব্যবসার অভিযোগ রয়েছে। এমনকি চাঁদবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিতর্কে জড়িয়েছিল আওয়ামী লীগের এই ক্যাডার।
গ্রেফতারের বিষয়টি নিশ্চত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর আলম জানান, ‘আলমগীর বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। তার বিরুদ্ধে আরও একাধিক মামলার তথ্য পাওয়া যাচ্ছে। সে পলাতক ছিলো। আর শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম পক্রিয়াধীন।’




