নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ইউসুফ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ফতুল্লার সেহাচর তক্কার মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ইউসুফ চাঁদপুরের খিলবাজার থানার বেরকি গ্রামের বাসিন্দা মো. মফিজুল ইসলামের ছেলে। পেশায় তিনি গাড়ী চালক ছিলেন।
জানা গেছে, কৃষকদল নেতা জুয়েল আরমানের সাথে বিরোধ চলছিল তক্কারমাঠ এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন দেলুর সাথে। এই আর্থিক হিসেব নিকেশ নিয়ে তাদের মধ্যে চলমান দ্বন্দ্ব গড়ায় আদালত পর্যন্ত। চলছিলো পাল্টাপাল্টি মামলা। এরমধ্যে জুয়েল আরমানের দায়ের করা মামলায় দেলুর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। গত মঙ্গলবার ফতুল্লার ইসদাইরে এই দুই পক্ষের মধ্যে পূনরায় বিবাগ শুরু হলে দেলুর ভাড়াটে লোকেরা জুয়েল আরমানের উপর স্বশস্ত্র হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত করা হয়। এই ঘটনার জেরে মঙ্গলবার রাত ৮টার দিকে তক্কারমাঠ এলাকায় অবস্থিত দেলোয়ারের বাড়ীতে হামলা চালায় জুয়েল আরমানের কর্মী সমর্থকরা।

প্রত্যক্ষদর্শী ইয়ার আলী নামে এক ব্যক্তি জানান, গত মঙ্গলবার রাত ৮টার দিকে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় জনৈক দেলু মিয়ার বাড়ীতে হামলা চালায় ৪০ থেকে ৫০ জনের একটি স্বশস্ত্র গ্রুপ। এসময় পার্শ্ববর্তী বাড়ীতে বসবাসকারী ইউসুফ নামে এক যুবক রাস্তায় চলাচলের পথে হামলার ঘটনা দেখে তা নিজ ফোনে ভিডিও ধারণ করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা ইউসুফের উপর চড়াও হয়। এক পর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ইউসুফকে এলোপাথারী কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা এসে ইউসুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ইউসুফ বিগত ৮ মাস পূর্বে বিয়ে করেছিলেন। তার স্ত্রী নার্গিস আক্তার বর্তমানে ৭ মাসের অস্তঃসত্ত্বা বলে জানা গেছে।
দুপুর ১টা নাগাদ এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইউসুফের মৃতদেহ আনা হচ্ছিল বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ মাহাবুব আলম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো মামলার আবেদন বা অভিযোগ করা হয়নি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’






