সুশাসনের জন্য নাগরিক (সুজন) দুই যুগ পূর্তি উপলক্ষ্যে মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও সহিংসতামুক্ত নারায়ণগঞ্জ গঠনের লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেছেন, রাজনৈতিক, প্রশাসনিক ও আইনি দুর্বলতার কারণে অপরাধ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
১৪ নভেম্বর শনিবার বাদ আসর শহরের চুনকা পাঠাগারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাওলানা আবদুল জব্বার বলেন, অপরাধ নিয়ন্ত্রণের জন্য মূলত রাজনৈতিক সদিচ্ছা, সুশাসন এবং প্রশাসনিক স্বাধীনতা—এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, ছিনতাই এবং সহিংসতার মতো অপরাধগুলো নির্মূল করতে সরকারের পক্ষ থেকে স্পষ্ট রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, অনেক সময় রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের টেলিফোন বা চাপের কারণে অপরাধীদের ছেড়ে দিতে হয় অথবা দুর্বল মামলা দেওয়া হয়। যে কারণে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাধীনভাবে তাদের প্রশাসনিক ক্ষমতা ও সক্ষমতা প্রয়োগ করতে পারে না। বর্তমান বিদ্যমান আইনটুকুও যদি ন্যূনতম কার্যকর করা যায়, তবে অন্তত ৭০ থেকে ৮০ শতাংশ অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

কিশোর গ্যাংয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিশোর গ্যাংগুলো সাধারণত কোনো না কোনো রাজনৈতিক দলের বড় ভাই বা সিনিয়র নেতাদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। সরকার পরিবর্তন হলেও এই সংস্কৃতি থেকে পুরোপুরি বের হয়ে আসা যাচ্ছে না।
মাওলানা আবদুল জব্বার জোর দিয়ে বলেন, যতদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকবে এবং প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দেওয়া হবে, ততদিন এ ধরনের আলোচনা ফলপ্রসূ হবে না। সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে প্রশাসন পরিচালনার সুযোগ দেওয়ার পাশাপাশি আইনের ফাঁকফোকড় দূর করে কঠোর আইন কার্যকর করার আহ্বান জানান তিনি।





