নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে চতুর্থবারের মতো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি পালিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সুবিচার প্রতিষ্ঠার দাবিতে নারায়ণগঞ্জে চতুর্থবারের মতো ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে লাল সবুজ সোসাইটি। গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে সহযোগী সংগঠন হিসেবে অংশগ্রহণ করে ‘লজিক অব বাংলাদেশ’। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন।

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং জলবায়ু সুবিচার নিশ্চিত করতে নীতিনির্ধারকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে বক্তারা কার্বন নিঃসরণ কমানো, বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু নীতিনির্ধারকদের উদ্যোগ যথেষ্ট নয়; তরুণ সমাজ, শিক্ষার্থী ও সাধারণ মানুষকেও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। লজিক অফ বাংলাদেশ এর ফাউন্ডার মাশিরুর রাফি এবং লাল সবুজ সোসাইটিট ন্যাশনাল ভলান্টিয়ার কো-অর্ডিনেটর এসোসিয়েট মোছাঃ রোকেয়া আমান এবং নারায়ণগঞ্জ শাখার এক্সিকিউটিভ কমিটি সদস্য মো: তোফাজ্জল হোসেন পুরো আয়োজনটি বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ করেছেন।

কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচির মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সচেতনতা তৈরিতে তরুণদের সম্পৃক্ত করা এবং জলবায়ু ন্যায্যতার দাবি আরও জোরালো করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >