নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি ও ছাত্রদলের দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, তাঁরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মারকাজ মসজিদসংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন আহাম্মেদ সালামত ও আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সমাবেশ ও মিছিল শেষে ফেরার পথে দুই পক্ষের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে রিফাতুল্লাহ (৩৫) ও শাহজাহানের (৪০) অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয়দের ভাষ্য, সালাউদ্দিন আহাম্মেদ সালামত ও মোবারক হোসেন দুজনই কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, মিছিল শেষে ফেরার পথে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় দুই পক্ষই ঢিল ছুড়লে কয়েকজন আহত হন। ঢাকা মেডিকেলে নেওয়া দুজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।





