নারায়ণগঞ্জ ।
,

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই

জামালপুর-৩ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চায়। আমরাও চাই, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। তার বিরুদ্ধে খুনের দায়ে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। ভারত যেন তাকে বাংলাদেশে ফেরত দেয়। দেশে ফিরিয়ে এনে খুন, দুর্নীতি ও লুটপাটের দায়ে আদালতের দেওয়া দণ্ডাদেশ বাস্তবায়ন দেখতে চাই।

রোববার বিকেল ৫টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে অচল করে দেওয়া, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য সীমান্তের ওপারে বসে শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনিরা নানা চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। এ দেশে দলটির আর রাজনীতি করার সুযোগ নেই।

সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন। এতে প্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। একপর্যায়ে বিদ্যালয় মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রকিব লিটন।

এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >