নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনের সামনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাতে ঢাকাগামী একটি ট্রেনের ওপরে উঠে যাচ্ছিল কিশোরটি। এ সময় চাষাঢ়া রেলস্টেশনের সামনে পৌঁছালে রেললাইনের পাশের বৈদ্যুতিক খুঁটির তারের সংস্পর্শে আসে সে। পরে ট্রেনের নিচে পড়ে কাটা গিয়ে তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, কিশোরটি ঢাকাগামী ট্রেনের ওপরে উঠে ঢাকার দিকে যাচ্ছিল। অসাবধানতাবশত দুর্ঘটনায় পড়ে তার মৃত্যু হয়েছে। এতে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরও জানান, নিহত কিশোরের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।





