নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযানে ২২০০ পিস ইয়াবা উদ্ধার, ১৭ মামলার আসামি ওসমানসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি অভিযানে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওসমান (২৬) নামে এক ব্যক্তি রয়েছেন, যার বিরুদ্ধে ১৭টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি)-এর তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এসআই মিজানুর রহমান, পিপিএম ও এসআই মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে রিপন (৩৬) ও রেখা আক্তার (৪০) নামে দুজনকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এরপর শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৬টার দিকে বন্দর থানাধীন মাহমুদনগর এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে একই দল। এ সময় ওসমান (২৬) ও তার সহযোগী নয়নকে (২৫) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আরও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের তথ্যমতে, দুটি অভিযানে সর্বমোট ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন—বন্দর থানার মাহমুদনগর এলাকার ওসমান, সোনাকান্দা ব্যাপারীপাড়া রোডের নয়ন, সিদ্ধিরগঞ্জের পাইনাদি পশ্চিমপাড়া এলাকার রিপন এবং একই এলাকার রেখা আক্তার।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ওসমানের বিরুদ্ধে ১৭টি মাদক মামলা রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >