নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২২, মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারী, কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাইকারী, ডাকাত, দস্যু, ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদক ব্যবসায়ী ৭ জন, মাদকসেবী ৫৯ জন, কিশোর গ্যাংয়ের ৯ জন, ছিনতাইকারী ৯ জন, দস্যু ১ জন, ডাকাত ১ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৯ জন, নিয়মিত মামলার আসামি ৮ জন, অন্যান্য আইনে ৩ জন, মোবাইল কোর্টের মাধ্যমে ২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

থানাভিত্তিক গ্রেপ্তারের চিত্র

নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, ৮ জন মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ২১ জন মাদকসেবী, কিশোর গ্যাংয়ের ৫ সদস্য, ২ জন চোর, একজন দস্যু, ওয়ারেন্টভুক্ত ৯ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ৫ জন মাদকসেবী, ৪ জন ছিনতাইকারী এবং ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানা পুলিশের অভিযানে ৯ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ও এক বোতল কেরু মদসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ১১ জন মাদকসেবী, কিশোর গ্যাংয়ের ৪ সদস্য, ৩ জন ছিনতাইকারী, মোবাইল কোর্টের মাধ্যমে ২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৩ বোতল স্কাফসহ একজন মাদক ব্যবসায়ী, ৫ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার ৩ আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্যসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশের অভিযানে একজন ডাকাত, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলার ৫ আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের এ বিশেষ অভিযানের মাধ্যমে মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >