নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে কারাবন্দি যুবকের ঢামেকে মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন মো. সজীব আহমেদ (২৫) নামের এক কারাবন্দির মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, কয়েক দিন ধরে অসুস্থ থাকায় সজীব কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৩ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, সজীবের ওজন বেশি ছিল এবং তার রক্তচাপজনিত সমস্যাও দেখা দিয়েছিল। অসুস্থতার কারণেই তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে জানান তিনি।

সজীব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার সানাউল্লাহর ছেলে। গত ১২ জুলাই ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি রিভলবার ও গুলিসহ তাকে গ্রেপ্তার করেছিল সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >