নারায়ণগঞ্জ ।
,

রাজবাড়ীতে প্রবাসীর মাছের প্রজেক্টে হামলা ও বিষপ্রয়োগ, ওয়ার্ড বিএনপি নেতা গ্রেপ্তার

এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মো. আসাদ মন্ডলের মাছের প্রজেক্টে এই বিষপ্রয়োগের ঘটনা ঘটে। এতে পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত প্রবাসী ও তাঁর পরিবার।

ভুক্তভোগী আসাদ মন্ডল জানান, তিনি প্রায় ১৬–১৭ বছর সিঙ্গাপুরে কঠোর পরিশ্রম করে জমানো অর্থ দিয়ে এলাকায় একটি আধুনিক মাছের প্রজেক্ট গড়ে তোলেন। কিন্তু বেশ কিছুদিন ধরে যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে নানাভাবে হুমকি ও হয়রানি করা হচ্ছিল।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে অভিযুক্তরা বহিরাগত লোকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রজেক্টে ঢুকে অতর্কিত তাণ্ডব চালায়। এ সময় তারা সীমানাপ্রাচীর ও তারকাঁটার বেড়া গুঁড়িয়ে দেয় এবং পুকুরপাড়ের প্রায় ৫০ কাঁদি কলাগাছ কেটে লুট করে নিয়ে যায়। খবর পেয়ে দিনের বেলা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেলেও হামলাকারীরা চলে যাওয়ার আগে প্রবাসীকে বড় ধরনের ক্ষতি ও দেখে নেওয়ার হুমকি দিয়ে যায়। পরবর্তীতে রাতের আঁধারে পুকুরের পানিতে বিষপ্রয়োগ করা হয়। বুধবার ভোরে পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে।

আসাদ মন্ডলের বাবা মোহাম্মদ আলী মন্ডল আক্ষেপ করে বলেন, ‘আমার দুই ছেলে প্রবাসে রক্ত পানি করে টাকা উপার্জন করে। কালাম ও তার লোকজন দীর্ঘদিন ধরে চাঁদার দাবিতে আমাদের ওপর মানসিক অত্যাচার চালাচ্ছিল। মঙ্গলবার চাঁদা দিতে না চাওয়ায় মাছ মেরে ফেলার যে হুমকি তারা দিয়েছিল, রাতের আঁধারে সেটাই বাস্তবায়ন করল।’

স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রবাসীদের কষ্টার্জিত সম্পদে এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে গিয়ে দেখা যায় পুকুরের চারপাশে থাকা সীমানাপ্রাচীর ও তারকাঁটার বেড়া ভাঙচুর করা হয়েছে এবং রাতে পানিতে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিকসহ অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া চলমান।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >