কুষ্টিয়ার সীমান্তে নৌপথে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৫ অক্টোবর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদী এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নৌপথে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেট উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন।



