নারায়ণগঞ্জ ।
,

ট্রাইব্যুনালে শামীম ওসমানসহ আসামিদের বিচার চাইলেন গুলিবিদ্ধ দুই সাক্ষী

জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ আসামিদের বিচার দাবি করেছেন গুলিবিদ্ধ দুই সাক্ষী হাসান গাজী ও আল আমিন।

রোববার (৪ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি শেষে তারা এ দাবি জানান। জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে যথাক্রমে একাদশ ও দ্বাদশ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তারা।

জবানবন্দিতে হাসান গাজী জানান, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া ২ নম্বর রেলগেট এলাকায় আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি। তাঁর দাবি, শামীম ওসমানের নেতৃত্বে অয়ন ওসমান, আজমেরী ওসমানসহ অন্যরা আন্দোলনকারীদের ওপর ককটেল ও গুলি ছোড়েন। এ সময় একটি গুলি তাঁর বাম হাঁটুতে লাগে। চিকিৎসা নেওয়ার পরও তিনি স্বাভাবিকভাবে চলাফেরার সক্ষমতা হারান বলে জানান।

হাসান আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল ঘিরে রাখার কারণে তিনি বাধ্য হয়ে বাড়িতে চলে যান। পরে যথাযথ চিকিৎসা না পাওয়ায় তাঁর শারীরিক সমস্যা স্থায়ী হয়েছে বলে দাবি করেন তিনি। জবানবন্দি শেষে ট্রাইব্যুনালের কাছে আসামিদের বিচার দাবি করেন হাসান।

অন্যদিকে, আল আমিন জবানবন্দিতে জানান, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জের জালকুড়ি ব্রিজের নিচে ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া করলে শামীম ওসমানের নেতৃত্বে অন্য আসামিরা গুলি ছোড়েন বলে তাঁর দাবি। এ সময় তাঁর পায়ের গোড়ালিতে গুলি লাগে। চিকিৎসা নিলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি বলে জানান।

জবানবন্দি শেষে আল আমিনও মামলার আসামিদের বিচার দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >