ভোলার বোরহানউদ্দিনে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোস্তফা মাঝি (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নজির মাঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই মো. মেহেদি হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোস্তফা মাঝির বসতঘর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোস্তফা মাঝি চরগাজীপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত নজির আহম্মদ মাঝির ছেলে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মোস্তফা মাঝির বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বোরহানউদ্দিন থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. আশ্রাব আলীর নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।




