নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় ৬১ পাসপোর্টসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৬১টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিভিন্ন দপ্তরের ৬টি সীল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন সাইনবোর্ড এলাকার কেএমএস টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—রাশেদ (৪৩), আব্দুল্লাহ তানহা (৩৯) ও মো. মহসিন বেপারী (৩২)। তাদের মধ্যে রাশেদ ওই ভবনের একটি কক্ষ ভাড়া নিয়ে ব্যবহার করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর তত্ত্বাবধানে এসআই মো. মিলন ফকিরের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। রাশেদের ভাড়া করা কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৬১টি পাসপোর্ট ও ৫টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট দপ্তরের ৬টি সীলও উদ্ধার করা হয়। এর মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা; পুলিশ সুপারের কার্যালয়, ডিএসবি, নারায়ণগঞ্জ; নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়, চিটাগং রোড, সিদ্ধিরগঞ্জ; সহকারী পরিচালক, ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট, নারায়ণগঞ্জের সীল রয়েছে। এছাড়া একটি নোটারি পাবলিকের গোল সীল এবং ‘সত্যায়িত প্রতিলিপি’ লেখা একটি গোল সীল উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতারণাসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >