নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ ২৫জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা হয়েছে।
মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ (৪৫), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল প্রধান (৫০) এবং বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের (৩০)।
এ ছাড়া ইয়াসিন আরাফাতসহ নয়ন, ইমন, জুয়েল, হাসান শরীফ, শরীফ, শুভ, রানা, ইমরান, লিটন, শরিয়ত উল্লাহ, বিজয় ও মাসুম ওরফে মরা মাসুমকে মামলায় আসামি করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার সাংগঠনিক আলোচনা সভা শেষে এনসিপির নেতারা বক্তাবলী বাজারে দাড়িয়েছিলেন। এসময় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নেতৃত্বে একদল স্বশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তাওহীদ সহ এনসিপির আরো তিনকর্মী আহত হন।




