নারায়ণগঞ্জ ।
,

মুন্সিগঞ্জের বেতকায় বাশার গাজী হত্যা: আসামিদের বাড়িঘরে ভাঙচুর, সর্বোচ্চ শাস্তির দাবি

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের মামুদাদপুর এলাকায় অটোরিকশাচালক বাশার গাজী হত্যার ঘটনায় জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মানববন্ধন শেষে বিক্ষুব্ধদের একটি অংশ গ্রেপ্তার হওয়া আসামিদের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আলীরটেক শাহ আলী বাজার এলাকায় ‘মামুদাদপুর তৈলখিরা গঞ্জকুমারিয়া এলাকাবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত বাশার গাজীর স্ত্রী, সন্তান, স্বজনসহ স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বাশার গাজী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে মামলার এজাহারভুক্ত ও পলাতক আসামি দেলু ও জুয়েলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর টংগিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের মামুদাদপুর এলাকায় একটি বসতঘর থেকে অটোরিকশাচালক বাশার গাজীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পরে ২৫ সেপ্টেম্বর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করা তিন আসামি—শামীম শেখ (৩৯), মো. রাজন (৩৬) ও মো. কাউসার মোল্লা (২৪)—কে গ্রেপ্তার করে পিবিআই।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধদের একটি অংশ টংগিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের মামুদাদপুর এলাকায় মামলার ৩ নম্বর গ্রেপ্তারকৃত আসামি ও বর্তমানে কারাগারে থাকা কাউসার মোল্লার দুটি বাড়িতে ভাঙচুর চালায় বলে জানা গেছে। পরে নারায়ণগঞ্জের আলীরটেক এলাকায় মামলার প্রধান আসামি শামীম শেখের একটি বাড়িতেও ভাঙচুর করা হয়।

এ সময় বাড়িঘরে থাকা লোকজন বের হয়ে নিরাপদ স্থানে চলে যান বলে স্থানীয়রা জানান। ভাঙচুরের ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

নিহত বাশার গাজীর স্বজন ও মানববন্ধনকারীরা বলেন, একজন অটোরিকশাচালককে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি পলাতক দেলু ও জুয়েলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।

এদিকে, ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, সে বিষয়ে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >