আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডারবাহী লরিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তাদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি কম্পোজিট নিট লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে। এতে পুরো কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।
বিস্ফোরণের তীব্রতায় কারখানার অন্তত তিনটি ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। আতঙ্কে বের হতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হন। এ সময় বিস্ফোরিত একটি গ্যাস সিলিন্ডার ছিটকে কারখানার সামনের একটি টিনশেড দোকানে গিয়ে পড়ে। এতে দোকানে থাকা এক নারী নিহত হন।
এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘যে শব্দটা হয়েছে, মারাত্মক একটা শব্দ। হঠাৎ করেই সবাই আতঙ্কিত হয়ে পড়ে।’
এক পোশাকশ্রমিক জানান, ঘটনার সময় তারা কারখানার ভেতরে ছিলেন। তিনি বলেন, ‘আমরা তখন আটতলায় ছিলাম। আগুন দেখে দ্রুত বাইরে বের হয়ে আসি।’



