বন্দরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সালমা চৌধুরী পাপিয়া (৪৮) নামে এক নারী উদ্যোক্তাকে হত্যার চেষ্টায় বেদম মারধর করে স্মার্ট ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে মহানগর ছাত্রলীগ নেতা সোহাগ,মনির, শান্তসহ তাদের সহযোগীরা। ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাতে থানার অদূরবর্তী সোনাকান্দা নোয়াদ্দা সরদার বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত সালমা চৌধুরী পাপিয়াকে গুরুতর অবস্থায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত নারী উদ্যোক্তা বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার মৃত আহমদ আলীর মেয়ে সালমা চৌধুরী পাপিয়ার বোনদের পৈতৃক ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিবাদীরা হলেন—মো. আবু বক্কর সিদ্দিক সোহাগ (৩৫), মো. মনির হোসেন শান্ত (২৬), মোসা. মনিরা বেগম (৩৯), তোহা (৪৫), লামিয়া (৩০)সহ অন্যান্যরা।
বাদীর অভিযোগ, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে পাপিয়ার বোনের মেয়েদের মালিকানাধীন বসতবাড়ির পানির পাইপ ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। প্রতিবাদ করতে গেলে বিবাদীরা অতর্কিত হামলা চালিয়ে বাদীকে কিল, ঘুষি, লাথি ও থাপ্পড় মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও রক্তাক্ত জখম করেন। একপর্যায়ে গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যারচেষ্টা চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় বাদীর গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, কানে থাকা ৪ আনা ওজনের স্বর্ণের দুল এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয় লোকজনের সহায়তায় আহত অবস্থায় বাদীকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে ও পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
বন্দর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





