নারায়ণগঞ্জ ।
,

এশিয়ান গেমসের উদ্বোধনী দিনেই অদ্ভুত ঘটনা, মাঠে এসেও চীনের অপেক্ষায় বাংলাদেশ

এশিয়ান গেমস শুরুর আগেই নানা ঘটনা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। এবার আসরটির উদ্বোধনী দিনেই অদ্ভুত এক ঘটনার শিকার হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রীতি ম্যাচ খেলতে নির্ধারিত সময়ে মাঠে হাজির হলেও প্রতিপক্ষ চীনের নারী ক্রিকেট দলের দেখা মেলেনি।

শনিবার সকাল ৯টায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল চীনের। সেই অনুযায়ী অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বাংলাদেশ দল নির্ধারিত সময়ের আগেই মাঠে পৌঁছে যায়। তবে চীনের নারী ক্রিকেট দল মাঠে না আসায় শেষ পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ বলেন, ‘৯টার ম্যাচের জন্য আমরা সাড়ে ৭টায় মাঠে আসি। এসে শুনি কিউরেটর বলছে—“খেলা হবে না।” কিছুক্ষণ পর জানতে পারি, চীন আসবে না। চীন না আসায় আগামীকাল সেমিফাইনালের জন্য আমরা প্র্যাকটিস করছি।’

জানা গেছে, চীনের আগ্রহেই বাংলাদেশ দল এই প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছিল। সব প্রস্তুতি সম্পন্ন করার পর চীনের দল মাঠে না আসায় বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ।

তিনি বলেন, ‘ওসিএ (অলিম্পিক কাউন্সিল অব এশিয়া) আমাদের অনুরোধ করেছিল তাদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে। বিসিবির সঙ্গে আমরা যোগাযোগ করে ম্যাচ খেলতে রাজি হই। সব কিছু সম্পন্ন করে এখন তারা আসেনি। বিষয়টি আমি ওসিএকে জানিয়েছি।’

চীনের নারী ক্রিকেট দল কেন নির্ধারিত প্রীতি ম্যাচে মাঠে আসেনি, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো কারণ জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >