নারায়ণগঞ্জ ।
,

বাংলা কিউআর নিয়ে জরুরি নির্দেশনা

ডিজিটাল লেনদেন বাড়াতে বাংলা কিউআরের ব্যবহার আরও জনপ্রিয় করতে ৪ ধরনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলা কিউআর ইমেজ আপলোডের মাধ্যমেও পরিশোধের ব্যবস্থা করতে বলা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংক ও এমএফএস কোম্পানিতে পাঠানো হয়। 

সার্কুলারে বলা হয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন জনপ্রিয় ও গ্রাহকবান্ধব এবং মার্চেন্টদের পরিশোধ গ্রহণে উৎসাহিত করতে হবে। আর এ জন্য আগামী ১ অক্টোবর থেকে যে কোনো অঙ্কের কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে দিতে হবে। সব প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপের হোম পেজের বৃদ্ধাঙ্গুলির নিকটস্থ স্থানে বাংলা কিউআর আইকন দৃশ্যমান করতে হবে। 

এ ছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে স্ক্যানের পাশাপাশি বাংলা কিউআর ইমেজ আপলোডের মাধ্যমেও পেমেন্ট সম্পন্নের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া কার্ড হিসাবধারী ছাড়াও সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারী যেন অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পরিশোধ সম্পন্ন করতে পারেন, সে ব্যবস্থা করতে হবে। 

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নগদ ব্যবস্থাপনায় বর্তমানে বছরে ২০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হচ্ছে। আবার অপরাধমূলক ও কর ফাঁকির সব লেনদেন হচ্ছে এ ব্যবস্থায়। এ রকম বাস্তবতায় চলতি বছরের ১ জুলাই থেকে কোডভিত্তিক সব লেনদেন বাংলা কিউআরে বাধ্যতামূলক করা হয়েছে। এতে দোকান বা যে কোনো মার্চেন্ট পয়েন্টে কোনো একটি ব্যাংক বা এমএফএসের কিউআর থাকলেই যে কোনো গ্রাহক সেখানে পরিশোধ করতে পারছেন। যে কারণে এ ব্যবস্থায় লেনদেন দ্রুত বাড়ছে। 

জানা যায়, প্রথম মাস জুলাইতে এ ব্যবস্থায় দৈনিক গড়ে ৪০ কোটি টাকা লেনদেন ছিল। প্রতিনিয়ত বেড়ে গত সপ্তাহে এক হাজার ৫৭ কোটি টাকা লেনদেন হয়েছে। আড়াই মাসের মধ্যেই দৈনিক যা ১৫১ কোটি টাকায় ঠেকেছে। 

নতুন এ নির্দেশনার ফলে এ ব্যবস্থায় লেনদেন আরও জনপ্রিয় হবে এমনটাই আশা বিশেষজ্ঞদের। 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >