চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের সময় ৭০০ বস্তা (৩৫ হাজার কেজি) ইউরিয়া সার ও তিনটি ট্রাকসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার গভীর রাতে উপজেলার বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, বাঁশবাড়িয়া ঘাটে ট্রাক থেকে নৌযানে সার তুলে অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতি চলছিল। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সার ও ট্রাকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



