সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। রোববার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ৮ থেকে ১০ জন তরুণকে রিকাবীবাজার এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই তরুণদের গতিবিধির ওপর নজর রাখতে থাকেন। একপর্যায়ে তারা ‘জয় বাংলা, বাংলাদেশ ছাত্রলীগ’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন।
এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তরুণরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। অধিকাংশই পালিয়ে যেতে সক্ষম হলেও চারজনকে ধরে ফেলেন স্থানীয়রা।
আটকদের মধ্যে একজন নিজেকে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এইচ উবায়েদ হিসেবে পরিচয় দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়রা আটক চারজনকে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।




