একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। আমেরিকায় জন্ম নেওয়া এই ফুটবলার আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন। সিএফ মন্ট্রিলকে হারানোর ম্যাচে গোল করে প্রথম কোনো তরুণ হিসেবে টানা পঞ্চম ম্যাচে গোলে অবদান রাখলেন কাভান।
রোববার (৬ সেপ্টেম্বর) এমএলএসের ম্যাচটিতে মন্ট্রিলের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ৫৭ মিনিটে প্রথম গোলটি করেন ড্যানলে জিন জ্যাকেস। এরপর ৭৫ মিনিটে কাভান সুলিভানের গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফিলাডেলফিয়া। ১৬ বছর বয়সী এই মার্কিন ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি এখন আলোচনার কেন্দ্রে।
প্রথমে ফিলাডেলফিয়ার এক ফুটবলার বক্সে ঢুকে শট নেওয়ার আগে মন্ট্রিলের আগুয়ান গোলরক্ষকের কাছে পরাস্ত হন। পেছন থেকে দৌড়ে এসে এক শটেই বল জালে জড়ান কাভান সুলিভান। একাধিক প্রতিপক্ষের বাধা এড়াতে তিনি সফল হয়েছেন। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার হয়ে চতুর্থ গোল করলেন কাভান।
চলতি মৌসুমে ৪ গোল ও ৭ অ্যাসিস্ট নিয়ে মোট ১১ গোলে অবদান রাখলেন চার ‘সুলিভান ব্রাদার্স’-এর সর্বকনিষ্ঠ ভাই কাভান। যা এমএলএসে ১৬ বা এর কম বয়সী (টিনেজার) ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০০৫ সালে ফ্রেড্ডি আদু ‘টিনেজার’ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ১০ গোলে (৪ গোল ও ৬ অ্যাসিস্ট) অবদান রেখেছিলেন।








