ঝিনাইদহের মহেশপুরে বিপুল ভারতীয় অবৈধ ওষুধসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেপা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাঘাডাংঙ্গা গ্রামের সোহারাব হোসেনের ছেলে জাকরিয়া (২৯) ও তার স্ত্রী পারভীন খাতুন (১৯)।
মহেশপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল উপজেলার নেপা গ্রামে আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ঘরে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই বাড়ির ভাড়াটিয়া জাকারিয়া ও তার স্ত্রী পারভীন খাতুনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যমতে ঘরের বিছানার নিচে লুকিয়ে রাখা ৬ হাজার ৭০০ পিস অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুল জাতীয় ওষুধ উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ও মাদকজাতীয় বিক্রয় নিষিদ্ধ অবৈধ ওষুধের চোরাচালান দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




