নারায়ণগঞ্জ ।
,

নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ঢালে উল্টে গেল বাস

নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ঢালে উল্টে গেল বাস

বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে উল্টে গেছে নিউ গ্রিন লাইন এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রিন লাইন এক্সপ্রেস নামের বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন, মাগুরা সদর উপজেলার সাইফুল্লাহ (৮০), তার বাবার নাম বজলুর রহমান; একই এলাকার লুৎফর (৬৩), তার বাবার নাম রমজান মোল্লা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার রেবেকা খাতুন (৪০) এবং দামুড়হুদা এলাকার নূর ইসলাম (৪৬), তার বাবার নাম মনির, ও রশিদা (৪০) আহত হয়েছেন। এ ছাড়া মাগুরার মোহাম্মদপুরের আলী আফজালের মেয়ে ফাতেমা (৭), শ্রীপুরের আজমলের ছেলে সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালীর আজিজের ছেলে আরাফাত (১৩) আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুন্সিগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুপুর ২টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রিন লাইন এক্সপ্রেস নামের একটি বাস পদ্মা সেতুর ঢালে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এরপর বাসটি উল্টে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 

তিনি আরও বলেন, হতাহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হলেও বাকিদের অবস্থা আশঙ্কাজনক নয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >