মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির হয়েছে। এ সময় আহত অবস্থায় এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে বড়লেখার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় একটি চোরাকারবারি চক্র কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশের চেষ্টা করছে, এ তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, সন্দেহভাজন চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে গুলি চালায় বিজিবি।
বিজিবির এই কর্মকর্তা আরও জানান, একপর্যায়ে চোরাকারবারিদের কয়েকজন পালিয়ে গেলেও আহত অবস্থায় ভারতীয় নাগরিক বলাই দাসকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।




