চট্টগ্রাম মহানগরের ১০১টি স্কুলের পাঁচ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর বই পড়ার অদম্য আগ্রহকে সম্মান জানিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন। শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত দিনব্যাপী বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসবে গ্রামীণফোনের সহযোগিতায় এসব শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কার বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
দিনব্যাপী এই পুরস্কার বিতরণ উৎসবে চট্টগ্রাম মহানগরীর ১০১টি স্কুলের পুরস্কার বিজয়ী পাঁচ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ৯৪টি স্কুলের পাঁচ হাজার ৫৮৭ জন সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করে এবং সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০৮ জন শিক্ষার্থীর পুরস্কার সংশ্লিষ্ট স্কুলের সংগঠক গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সমাজের অবক্ষয় হয়েছে নৈতিক শিক্ষার অভাবে। আমরা বই পড়ে জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করবো। এতে করে আমাদের নৈতিক উন্নয়ন হবে এবং সমাজ তথা রাষ্ট্রের উন্নয়ন ঘটবে। দিনব্যাপী উৎসবের এ বিশাল আয়োজন ও পুরস্কারের বই স্পন্সর করছে গ্রামীণফোন লিমিটেড।





