নারায়ণগঞ্জ ।
,

ভারত আসবে কি না অনিশ্চিত, অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ

তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের। তবে ভারত আদৌ বাংলাদেশে আসবে কি না, সেটি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ভারতের বিপক্ষে সিরিজটি নিয়ে অনিশ্চয়তা থাকলেও এরই মধ্যে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস।

ডেইলি স্টারকে তিনি বলেছেন, ‘অক্টোবরে আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের একটি টেস্ট ও তিনটি সাদা বলের ম্যাচের সিরিজ রয়েছে। যেহেতু তারা এই সিরিজের আয়োজক, তাই সীমিত ওভারের ম্যাচগুলোর রূপরেখা ও সূচি তারাই চূড়ান্ত করবে।’

এর আগে গত বছর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। ওই দুটি সিরিজের মধ্যে টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলেও, ওয়ানডে সিরিজে নিজেরাই হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

এবার ওয়ানডে সিরিজে সেটার প্রতিশোধ নেওয়ার পালা বাংলাদেশের। এর পাশাপাশি একটি টেস্ট খেললেও, সেটার গুরুত্বও কম নয়। এই সিরিজের পরেই যে ঘরের মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে বাংলাদেশ। এরপরই দুটি টেস্ট ও সাদা বলের সিরিজ খেলতে সাউথ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >