নারায়ণগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে র্যালিটি বের হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে এসে শেষ হয়।
এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা পায়ে হেঁটে ও বিভিন্ন যানবাহনে করে র্যালিতে অংশ নেন।
র্যালিতে বক্তব্যকালে সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী বলেন, কোরআন-হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের অসংখ্য দলিল রয়েছে। যারা ঈদে মিলাদুন্নবীকে বিদআত বলে, তারা ইহুদিদের দালাল।
তিনি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িক সব ধরনের দ্বন্দ্ব ভুলে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি মব বন্ধ এবং জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
র্যালি শেষে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।







