নারায়ণগঞ্জ ।
,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ‘অটো ফাইন সিস্টেম’ চালু, চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালুর মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এআই প্রযুক্তিনির্ভর নতুন এই সিস্টেমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এআই প্রযুক্তির ‘অটো ফাইন সিস্টেম’-এর মাধ্যমে মহাসড়কে যানবাহনের নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, থ্রি-হুইলার চলাচল, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সট: সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই আধুনিক ব্যবস্থা চালু করেছে।

এই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোট ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন এই প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন প্রয়োগে স্বচ্ছতা বাড়বে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >