নারায়ণগঞ্জ ।
,

গ্লাসগোতে রাফির লড়াই শেষ হিটেই

গ্লাসগোর সুইমিংপুলে এবারও সেমিফাইনালের দরজা খুলল না বাংলাদেশের সামিউল ইসলাম রাফির জন্য। হতাশার মধ্যেও ছিল ইতিবাচক এক দিক মালয়েশিয়া ওপেনে করা নিজের আগের আন্তর্জাতিক সেরা সময়কে পেছনে ফেলেছেন তিনি। বিশ্বমানের প্রতিযোগিতায় তা যথেষ্ট হয়নি। ৫০ মিটার বাটারফ্লাইয়ের হিট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের এই সাঁতারু।

টলক্রস ইন্টারন্যাশনাল সুইমিং সেন্টারে অনুষ্ঠিত হিটে রাফি ২৫.২৩ সেকেন্ড সময় নিয়ে ৭০ প্রতিযোগীর মধ্যে ৩৬তম হন। সেমিফাইনালে জায়গা পাওয়া শেষ সাঁতারু উত্তর আয়ারল্যান্ডের ম্যাথু হ্যামিল্টনের সময় ছিল ২৪.২৫ সেকেন্ড। শেষ ষোলোতে ওঠার স্বপ্ন হিটেই থেমে যায় বাংলাদেশের প্রতিনিধির।

রাফির নৈপুণ্যে অগ্রগতির ছাপ স্পষ্ট। ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস স্বীকৃত আন্তর্জাতিক প্রতিযোগিতায় তার আগের সেরা সময় ছিল ২৬.০১ সেকেন্ড, যা তিনি ২০২৫ সালের মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপে করেছিলেন। গ্লাসগোয় সেই সময় প্রায় ০.৮ সেকেন্ড উন্নত করে ২৫.২৩ সেকেন্ডে নামিয়ে এনেছেন। যদিও বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারুর ব্যক্তিগত সেরা রেকর্ড গত বছরের জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ২৫.১৫

সেকেন্ড সময় নিয়ে তিনি ২০২২ সালে মাহামুদুন্নবী নাহিদের গড়া রেকর্ড ভেঙেছিলেন। এই ইভেন্টের আগে ১০০ মিটার ফ্রিস্টাইলেও ভাগ্য বদলাতে পারেননি ২১ বছর বয়সী এ সাঁতারু। সেখানে ৫২.৪৯ সেকেন্ড সময় নিয়ে ৬৭ জনের মধ্যে ৪০তম হয়ে হিট থেকেই

বিদায় নেন।

অ্যাথলেটিক্সেও বাংলাদেশের জন্য দিনটি সুখকর ছিল না। পুরুষদের ৪০০ মিটার দৌড়ে লুসাদ ইসলাম ৪৯.৭৬ সেকেন্ড সময় নিয়ে ৪৬ জনের মধ্যে ৩৬তম হন। সেমিফাইনালে ওঠা শেষ প্রতিযোগী বার্বাডোসের ডেসন বয়েসের সময় ছিল ৪৬.৫৫ সেকেন্ড। এই দৌড়বিদের যাত্রা শেষ হয় প্রাথমিক পর্বেই।

পদকের লড়াইয়ে না পৌঁছলেও আন্তর্জাতিক অঙ্গনে ব্যক্তিগত সময়ের উন্নতি বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য ইতিবাচক বার্তা। বিশ্বমানের প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য পেতে হলে এ ব্যবধান আরও কমানোর বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >