নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় রাজু আহমেদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজু ওই এলাকার আয়নাল হকের ছেলে।
নিহতের মা ও ছোট বোনের অভিযোগ, রাজু আহমেদ একসময় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও প্রায় তিন মাস আগে রাজনীতি থেকে সরে দাঁড়ান। এরপর স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। তাদের দাবি, রাজনৈতিক বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে রাজুকে হত্যা করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে রাজুর ফুফাতো ভাইয়ের সঙ্গে নুরুল ও জাকিরের কথাকাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় রাজু ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন। পরে নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ফুফাতো ভাইকে খুঁজতে এসে রাজুর বাড়িতে হামলা চালায়। ফুফাতো ভাইকে না পেয়ে তারা রাজুকে বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে। তাকে রক্ষা করতে গেলে পরিবারের অন্য সদস্যদেরও মারধর করে আহত করা হয়।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজু আহমেদকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “ঘটনাটি রাজনৈতিক বিরোধ নাকি পারিবারিক কোনো দ্বন্দ্বের জেরে ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।




