ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে দ্রুত এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
রোববার (২৬ জুলাই) রাত ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তার সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।
জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(ঘ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিধি ১২(১) অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে রোববার বিকেলে প্রায় ২ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে সাতৈর ইউনিয়ন ভূমি অফিসে বসে ইমরান শেখকে এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করতে দেখা যায়। একই ভিডিওতে তাকে সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদকে উল্লেখ করে বলতে শোনা যায়, দুজনই ৪০তম বিসিএসের হলেও একজন ক্যাডার এবং তিনি নন-ক্যাডার।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে উপজেলা প্রশাসন। পরে সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ তদন্ত-সংক্রান্ত একটি প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠান। সেই প্রতিবেদনের ভিত্তিতেই বরখাস্তের আদেশ জারি করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ইমরান শেখ। তার দাবি, ভিডিওতে যে অর্থ গ্রহণ করতে দেখা গেছে, সেটি কোনো ঘুষ নয়; বরং এক পরিচিত ব্যক্তিকে আগে ধার দেওয়া টাকা ফেরত নেওয়ার ঘটনা।
বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ বলেন, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় জেলা প্রশাসন সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সরকারি বিধি অনুযায়ী পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগেও দায়িত্বস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ইমরান শেখকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া




