নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাবের ওপর হামলার প্রধান আসামি গিট্টু রিপন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন (৩৫)কে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

র‍্যাব জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টার দিকে র‍্যাব-১১ সদর কোম্পানি ও র‍্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গিট্টু রিপনের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর (দাতা সড়ক) এলাকায়। তার বাবার নাম হারুন।

র‍্যাবের তথ্যমতে, গিট্টু রিপন মাসদাইর ও ফতুল্লা এলাকায় কিলার জাহিদ বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য ও শুটার। তার বিরুদ্ধে কন্ট্রাক্ট কিলিং, হত্যা, হত্যাচেষ্টা, মাদক কারবার, চাঁদাবাজি এবং পুলিশের ওপর হামলাসহ ডজনের বেশি মামলা রয়েছে। এছাড়া মাসদাইর, বোয়ালিয়া খাল ও গুদারাঘাট এলাকায় ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার ব্যবসা নিয়ন্ত্রণ এবং অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগও রয়েছে।

র‍্যাব জানায়, গত ৫ মে ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় মাদকের আস্তানায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে র‍্যাব-১১-এর একটি দলকে লক্ষ্য করে অতর্কিত সশস্ত্র হামলা চালানো হয়। ওই হামলায় গিট্টু রিপন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তিনজন র‍্যাব সদস্যকে গুরুতর আহত করে।

গ্রেপ্তারকৃত গিট্টু রিপনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >